প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন বিএনপির ৯ নেতাকর্মী। তাঁদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জনসভা শেষে ভিড়ের মধ্যে এবং মাঠ থেকে বের হওয়ার সময় এসব ফোন হারিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। হারানো ফোন উদ্ধারে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদও রয়েছেন। তাঁর ফোন হারানোর ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।
এ বিষয়ে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বক্তব্য শেষ করে চলে যাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন দিকেই দাঁড়িয়ে ছিল আমার ছেলে। ভিড়ের মধ্যে কেউ তার ফোনটি নিয়ে নিয়েছে।’
পুলিশ জানিয়েছে, জনসভায় মোবাইল ফোন হারানোর ঘটনায় মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজপাড়া থানায় সাতটি জিডি হয়েছে। এ ছাড়া বোয়ালিয়া থানায় আরও একটি জিডি করা হয়েছে। তবে ফোন হারানোর অভিযোগ করা একজন এখনো থানায় জিডি করেননি।
ফোন হারানো ব্যক্তিদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। এ ঘটনায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘আজ রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় আমার ফোন চুরি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ কিংবা বিব্রতকর কোনো পোস্ট দেখলে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।’
ফরহাদ বাদশা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় পাঞ্জাবির পকেট কেটে তাঁর মোবাইল ফোন চুরি করা হয়েছে। তবে এ ঘটনায় তিনি এখনো থানায় জিডি করেননি। বুধবার থানায় গিয়ে জিডি করবেন বলে জানিয়েছেন তিনি।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ পর্যন্ত ফোন হারানোর সাতটি জিডি হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধারের চেষ্টা করব। যদি কোনো অপরাধী পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে।’