এনআইডি জালিয়াতি, চাকরিচ্যুত উপজেলার নির্বাচন কর্মকর্তা
জালিয়াতি ও মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি এবং নিবন্ধনের চেষ্টা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
চাকরি থেকে অপসারণ করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ মজিবুর রহমান মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং এনআইডি নিবন্ধন ফরমে মিথ্যা তথ্য-উপাত্ত সংযোজন করে নিবন্ধনের চেষ্টা করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ২৭ জানুয়ারি জাতীয় পরিচয়পত্র উইংয়ের একটি পরিদর্শন দল অনুসন্ধান চালায়। এ সময় ওই কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। পরবর্তী তদন্তে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
অভিযোগের পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে নির্বাচন কমিশন তাকে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও তাকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করে। পরে এ-সংক্রান্ত সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলে গত ১১ অক্টোবর তিনি প্রস্তাবটি অনুমোদন করেন। রাষ্ট্রপতির অনুমোদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়া হয়েছে।