অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহিনী, ১৫ জনের সাজা
অবশেষে গেন্ডারিয়ার সেই মাদক সাম্রাজ্য অপরাধ দমনে সক্রিয় হতে দেখা গেল আইনশৃঙ্খলা বাহিনীকে। শনিবার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র উঁচিয়ে মাদকসেবী-মাদকব্যবসায়ীদের ধাওয়া দেওয়ার ঘটনার পর এবার সেখান থেকে ২ নারীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর সার্কেলের উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন মিয়া বলেন, সাদা পোশাকে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের জন্য তৈরি করা ঝুপড়ি ঘরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত তিন মাস করে কারাদণ্ড দেন।
এর আগে গত শনিবার সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের অনুসারীদের নিয়ে একই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। ওই অভিযানের ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।
ভিডিওতে ইশরাককে অস্ত্র উঁচিয়ে কয়েকজনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একজন প্রতিমন্ত্রীর এভাবে অভিযানে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। অস্ত্র প্রদর্শনের ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
সেই ঘটনার ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন