বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বরিশালের মুলাদীতে লঞ্চঘাটের টোল আদায়ের ঘরে অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবাসহ মো. আব্দুল হক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীর হাট লঞ্চঘাটের টোল আদায়ের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হক মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মোসলেম খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে লঞ্চযোগে মাদকের একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন লঞ্চঘাটে নজরদারি শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ব্যাপারীর হাট লঞ্চঘাটের টোল আদায়ের ঘরে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল হককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।