কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সীমান্তে বিভিন্ন সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ।
রবিবার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। মূলত ৩৪ বিজিবির আওতাধীন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে পরিচালিত অভিযানে উদ্ধার হওয়া এসব মাদক পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গত এক বছরে মাদক ও অন্যান্য মালামাল মিলিয়ে মোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে। এসব অভিযানে ২৮৫ জন আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য ধ্বংসের মাধ্যমে মাদকের বিস্তার রোধে কাজ করছে সীমান্তরক্ষী বাহিনীটি।