১৮ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

বিএনপি নেতার ওপর হামলা, গণপিটুনির শিকার যুবকের মৃত্যু

মো. হাসিবের মরদেহ নিয়ে যাচ্ছে পুলিশ  © সংগৃহীত

ভোলার সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত মো. হাসিব (২৫) নামের এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ভোরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজার এলাকায় উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। আহত বিএনপি নেতা মো. হোসেন মাঝি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হাসিব রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মো. ধলু হাওলাদারের ছেলে। এ ঘটনায় আহত বিএনপি নেতা মো. হোসেন মাঝি (৩৫) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে হোসেন মাঝির সঙ্গে হাসিবের বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় হোসেন মাঝিকে ছুরি দিয়ে আঘাত করেন হাসিব। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর স্থানীয় জনতা বাজার এলাকায় হাসিবকে পেয়ে উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।