১৮ অক্টোবর ২০২৬, ১৪:০৫

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার ফজলুল হক আমিনী  © সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ ও দেবহাটা থানা পুলিশ এবং এসআরবি-৬-এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবক গণপিটুনির শিকার হন। প্রথম দফায় মারধরের পর পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ওই রাতেই একদল লোক হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। সর্বশেষ প্রধান আসামি আমিনীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়ল।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দেবহাটা থানায় মামলাটি করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪৪৯, ৩২৩, ৩০২, ৩৪ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।