প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল লোককে তাড়া করার পাশাপাশি পিস্তল তাক করে তাদের দাঁড়ানোর নির্দেশ দিতে দেখা যায় তাকে। এ ঘটনায় কোনো আইনের ব্যত্যয় হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এ সময় শফিকুল ইসলাম বলেন, ‘না, এখনই এটা মূল্যায়নের সময় আসেনি। আপনারা যেটা দেখেছেন, এটা আমরা দেখছি। এটা লোকাল থানা ও ডিসিকে বলা হয়েছে। উনি স্থানীয়ভাবে টোটাল ঘটনাটা পর্যবেক্ষণ করে পর্যালোচনার একটা রিপোর্ট দেবেন। যদি কোনো আইনের ব্যত্যয় হয়ে থাকে, তবে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আর মন্তব্য করব না আজকে।’
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানের ভিডিওটি ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে কয়েকজনকে ধরার নির্দেশ দিচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এই ধর ধর ধর...।’ তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা কয়েকজনকে ধরতে দৌড় দেন। তাঁদের মধ্যে একজনকে এক ব্যক্তিকে লাথি মারতেও দেখা যায়। ভিডিওটির আরেকটি অংশে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়।
ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে থাকা পিস্তলটি কিছু অংশে অস্পষ্ট বা ব্লার করা হয়েছে। তবে অন্য কিছু অংশে সেটি স্পষ্ট দেখা যায়। এ ছাড়া ইশরাক হোসেনের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির হাতেও আগ্নেয়াস্ত্র দেখা গেছে। ঘটনাস্থলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল শিকদার। তিনি জানান, বেলা ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তারা সেখানে যান। স্থানীয় লোকজনের বারবার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সেখানে গিয়েছিলেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছাতে দেরি করে বলে দাবি করেন তিনি।
ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’। ভিডিওতে ঘটনার তারিখ হিসেবে শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ এবং স্থান হিসেবে গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকার কথা উল্লেখ করা হয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, প্রতিমন্ত্রী অস্ত্র হাতে গাড়ি থেকে নামার পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা রেললাইনের পাশে অবস্থান করা কয়েকজনকে ধরতে এগিয়ে যান। এ সময় কয়েকজন যুবককে বলতে শোনা যায়, ‘স্যার আমি কিছু করিনি। আমি গরিব মানুষ স্যার।’