১৭ অক্টোবর ২০২৬, ২১:৪২

চাঁদপুরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি ও ইনসেটে স্বামী মো. শাহাবুদ্দিন  © সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের জামতলা গ্রামের নিজ বাড়ি থেকে হাসনেহেনা আক্তার (৩০) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী ছেংগারচর সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. শাহাবুদ্দিনকে (৪৬)।

নিহতের স্বজনদের অভিযোগ, এক নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে হাসনেহেনা ও শাহাবুদ্দিনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে হাসনেহেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলেও দাবি করেছেন তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসনেহেনা ও শাহাবুদ্দিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের দাম্পত্য কলহ মীমাংসার জন্য পারিবারিকভাবে একাধিকবার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের খালা সালমা বেগম বলেন, ‘তার স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল।’

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন ও শাহজালাল শিকদার জানান, ‘খবর পেয়ে তারা বাড়িতে গিয়ে হাসনেহেনার মরদেহ দেখতে পান। মৃত্যুর পরিস্থিতি নিয়ে তাদের সন্দেহ রয়েছে।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া গণমাধ্যমকে জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।