ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মজিবুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও ছেলেকেও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই রবিউল ইসলামের বিরুদ্ধে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামের সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবুল ইসলাম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারিগাছ থেকে সুপারি পাড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে তার ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় দুই ভাইয়ের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্য সদস্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, এ সময় রবিউল ইসলাম লাঠি দিয়ে বড় ভাই মজিবুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। পরে স্থানীয়রা তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত রবিউলের স্ত্রীকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। অভিযুক্ত রবিউল ইসলামকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।