১৬ অক্টোবর ২০২৬, ১৬:০৩

সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিহত ব্যবসায়ী  © টিডিসি ফটো

সাতক্ষীরার তালায় মাছ চুরি করার সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ মণ্ডল তালা সদর উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডলের অভিযোগ, ‘জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে শুক্রবার রাত ৩টার দিকে ক্ষিতীশ মন্ডলকে আটক করা হয়। পরে বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তার হাত-পা ভেঙে যায় এবং মাথায় কোপ দেওয়া হয়। এমনকি তার চোখ তুলে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পার্থ মন্ডল বলেন, রাত ৩টা থেকে ভোর পর্যন্ত ক্ষিতিশের ওপর নির্যাতন চালানো হয়। পরে শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

ক্ষোভ প্রকাশ করে পার্থ মন্ডল বলেন, আমার চাচাতো ভাই মাছের ঘের ব্যবসায়ী। তার চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে?

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, মাছ চুরির সন্দেহে মারধরের ঘটনায় ক্ষিতিশ মণ্ডলের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েচে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।