তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের
কুমিল্লার শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা আবেদনকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে কক্সবাজার সদর থানাকে নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান। তিনি বলেন, আদালতে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উপস্থাপন করা হলে আদালত মামলা রেকর্ডের নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়েছে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী মোহাম্মদ রাশেদ রাজুর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। অভিযোগে বলা হয়, রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনেন আইনজীবী। পরে আদালত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে কুমিল্লায় যাওয়ার পথে তার সঙ্গে এমন ঘটনা ঘটত না। তার অভিযোগ, রাজু মিথ্যা পরিচয় ও ভালোবাসার অভিনয়ের মাধ্যমে কিশোরী তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেন। ঘটনাটি তাকে ব্যথিত করেছে। বিবেকের তাড়না থেকেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান এই আইনজীবী।
তাজমিনের মৃত্যুর ঘটনা তদন্তের মধ্যেই রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নতুন এই মামলা হলো। এর আগে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লুলুয়া রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইল থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।