১৫ অক্টোবর ২০২৬, ২১:০৪

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা

পুলিশ ফাঁড়িতে হামলা   © সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাদের সহযোগীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে আসামিদের সহযোগীরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান। এ সময় ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জনের একটি দল পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাচ্ছে। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা গেছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

ওসি আরও জানান, আটক দুজনকে ছাড়িয়ে নিতে তাদের সহযোগীরা রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন।