ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধাওয়া করে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে শাকিলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। তবে দৌড়ে পালিয়ে যাওয়ায় গুলি তার শরীরে লাগেনি। পরে পাশের শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের দিকে পালানোর সময় হামলাকারীরা তাকে ধরে ফেলেন। এরপর চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের একজন হেলমেট এবং অন্যজন মাস্ক পরা ছিলেন। হামলায় গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে শাকিলকে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এ সময় তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।