১৩ অক্টোবর ২০২৬, ২২:১৩

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে ফের মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণে জৈবিক পরীক্ষা, কিশোর অপরাধসংক্রান্ত আইন সংশোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের পরিবারের সদস্যদের চরিত্রহনন বন্ধের দাবি জানানো হয়। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, ‘আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা চাই, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। কিশোর অপরাধের বিচারসংক্রান্ত আইন পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন, যাতে আইনের সুযোগ নিয়ে কেউ শিশু-কিশোরদের ব্যবহার করে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে না পারে। অভিযুক্তদের বয়স নিয়ে প্রশ্ন থাকলে যথাযথ পরীক্ষা করা উচিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক নাহিদা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের চরিত্রহননের চেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য না জেনে কারও বিরুদ্ধে মন্তব্য করা উচিত নয়। শিক্ষার্থীদেরও যাচাই না করে কোনো বিষয়ে মন্তব্য করা এবং কারও চরিত্রহননে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, অভিযুক্তদের বয়স নিয়ে প্রশ্ন ওঠায় জৈবিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরী না করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি। অপ্রতিমের বাবা অভিযুক্তদের বয়স নির্ধারণে জৈবিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত বিচারের আশ্বাসের বাস্তবায়ন দেখতে চান তাঁরা। সন্তান হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে হত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হলে অপ্রতিমের মা-বাবা মানসিকভাবে কিছুটা স্বস্তি পাবেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, একটি সুষ্ঠু সমাজ গড়তে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে বিচারপ্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তাঁরা চান না, আর কোনো সন্তানের জীবন এভাবে অকালে ঝরে যাক। অপ্রতিম হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পর দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশা করেছিলেন তাঁরা। তবে এখনো বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে পুরোপুরি অবগত নন। জন্মনিবন্ধন অনুযায়ী দুই অভিযুক্তের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাঁদের সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

তিনি বলেন, শুধুমাত্র বয়সের কারণে কেউ হত্যার মতো গুরুতর অপরাধের উপযুক্ত শাস্তি থেকে যেন বঞ্চিত না হয়। আমরা চাই, আইন সংশোধন করা হোক। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, এমন বিচার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীরা পরিণতি সম্পর্কে ভাবতে বাধ্য হয়।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।