১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

বিজিবির গুলিতে নিহত যুবক  © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলায় আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক বিজিবি সদস্যও আহত হয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলজলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় বিজিবির একটি টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিরা অতর্কিত হামলা চালায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবির টহলদল চোরাচালানের পণ্য আটক করে। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর হামলা চালায়। এ সময় বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করেন।

তবে চোরাকারবারিরা সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় হামলা চালালে এক বিজিবি সদস্য আহত হন। পরে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।

আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।