বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় পান করে মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় কয়েকজন স্থানীয় তরুণ মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেন। সেখানে তারা মদের সঙ্গে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামে একটি পানীয় তৈরি করেন। পরে সেটি পান করেন তারা। রাতের খাবার ও আড্ডা শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।
পরদিন শনিবার ভোর ৫টার দিকে সাকিবসহ পাঁচজন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে সাকিব ও মো. টিপুর (২৪) শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বেলা ১১টার দিকে তাদের নোয়াখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির বাসিন্দা। তার বাবার নাম মৃত এফরান মিয়া।
অন্যদিকে অসুস্থ সাইফুল ইসলাম পাখিকে (২২) ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মো. টিপু (২৪), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেল (২৩) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‘বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।’
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’