বাড়ির সামনে ১০ ককটেল, উদ্ধার হলো আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ব্যানার
গাজীপুরের টঙ্গীতে ১০টি ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামসংবলিত দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বাড়ির সামনে থেকে এসব ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ধার হওয়া ককটেল নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার একটি বাড়ির সামনে ককটেলগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রাত প্রায় ২টা থেকে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় রেখেছে বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ও কারিগরি প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো নিষ্ক্রিয় করবে।
উদ্ধার হওয়া দুটি ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও আদালতের রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা ও ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদপ্রত্যাশী হিসেবে মো. ফরিদ, মো. হাবিবুর রহমান, মো. বাবুল ও আলী আকবরের নাম রয়েছে। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী, সাজিদ হোসেন দিপু এবং ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম উল্লেখ করা হয়েছে।
একই স্থান থেকে ককটেল ও রাজনৈতিক কর্মসূচিসংবলিত ব্যানার উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ককটেলগুলো কারা সেখানে রেখেছে, ব্যানারগুলোর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বোম ডিসপোজাল টিমের মাধ্যমে ককটেলগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।