অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া
সাতক্ষীরা শহরে একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক এইচএসসি ফলপ্রত্যাশী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ফলপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছেন তার আত্মীয় মোহাম্মদ আজিম। জাকারিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
স্বজনরা জানান, শুক্রবার রাতে বাসা থেকে ডেকে নেওয়ার প্রায় আধা ঘণ্টার মধ্যে জাকারিয়াকে ছুরিকাঘাত করা হয়।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন জানান, ঘটনার সময় জাকারিয়া প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া বিষয়টি থামাতে এগিয়ে যান।
মাছুম বিল্লাহ শাহীন জানান, এ সময় কয়েকজন জাকারিয়াকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।