টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল শাহানারা মঞ্জিলে অভিযান চালায়। এ সময় শ্রাবন্তী আক্তারের দেহ ও তাঁর দখলীয় কক্ষ বিধি অনুযায়ী তল্লাশি করে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
আটক শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলের নিচতলার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।