রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) বিষয়টি তদন্তাধীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটায় একজন এমপির নাম এসেছে। এরকম কোনো ঘটনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত চলছে। সেখানকার থানার একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব অবহেলা পাওয়া গেছে, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই, যারা অপরাধী হিসেবে ওখানে গেছে তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেটা আমরা কখনোই আমলে নেব না। তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকায় জমি দখল ও গোলাগুলির ঘটনায় এজাহার পাওয়ার পর আইনি অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখানে প্রভাব খাটানোর কিছু নেই। দুর্বৃত্ত কে, তা সবাই দেখেছে। জমি দখলের ঘটনা রাতের অন্ধকারে হয়েছে। ট্রিপল নাইনে ফোন করার পর সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গিয়েছে। গ্রেপ্তার করেছে। কিছু আলামত সংগ্রহ করেছে। সেখানে গোলাগুলি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত হচ্ছে। মামলা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাকে সমালোচনা করে একজন (সালমান মুক্তাদির) বলেছেন যে মামলা হয়েছে। আমি জানি, তবে অন্তত আইনের বিষয়ে আমরা একটু খুঁটিনাটি চর্চা করি। কেউ যখন এজাহার নিয়ে যায়, তখন সেটা মামলা হিসেবে লিপিবদ্ধ করার আগে একটু প্রাথমিক তদন্ত পুলিশকে করতে হয়। তা না হলে দেখা যাবে, ওই মামলায় আমাকেও–আপনাকেও আসামি করে ফেলেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজাহারে যা থাকে, তা–ই যদি লিপিবদ্ধ করতে হয়, তাহলে দেখা যাবে, বঙ্গভবনের ভূমি নিয়েও যদি কেউ আপত্তি তোলে, সেটাও এজাহার হয়ে যাবে। সে জন্য প্রাথমিক একটা তদন্ত করতে হয়। সেটা করে কেস এন্ট্রি করতে হয়। এজাহার পাওয়ার পর আইনি অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হচ্ছে। এ ঘটনায় যিনি বলেছেন, মামলা করেছেন, তিনি (সালমান মুক্তাদির) আজ পর্যন্ত মামলা করেননি। যিনি মামলা করেছেন, তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে মামলা করেছেন।
এ ঘটনায় সরকারকে বা বিএনপিকে দোষারোপ করার প্রসঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ঢালাও ব্লেম করার জন্য, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটা বিচার করবে জনগণ।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না। তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। তার এ–জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানান তারা।
সালাহউদ্দিন আহমদ বলেন, তা ছাড়া তারা নির্মোহভাবে এ ঘটনার তদন্ত করছেন, করবেন। এখানে যে–ই জড়িত থাকুক, সে নিউগিনি প্রপার্টিজ হোক অথবা পার্শ্ববর্তী জমির মালিক হোক, তাদের সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। আইনগত অ্যাকশন নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক পরিচয়নির্বিশেষে অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন নেওয়া হচ্ছে। ৯৯৯-এ ফোন করার সঙ্গে সঙ্গেই পুলিশ যাচ্ছে। গ্রেপ্তার করছে। মামলা গ্রহণ করছে। যেখানে কোনো ঘটনার পর ব্যবস্থা নেওয়া হয় না বা পুলিশ ব্যর্থ হয়, সেখানে সরকারের দায়ভার থাকে। কিন্তু এখানে পুলিশের বা সরকারের কোনো ব্যর্থতা নেই। তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা না হলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জননিরাপত্তা সুনিশ্চিত করতে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তারা নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।