২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

জামায়াত এমপির জামাতা মিজানুর রহমান   © সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মিজানুর রহমান (৫৯) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, মিজানুরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবি সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মিজানুরকে গ্রেপ্তারের সময় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিউগিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের প্রকল্পের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে এ মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।