২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬

পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

মৃত গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। রবিবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে  © টিডিসি

পাবনার আটঘরিয়ায় নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামে চাম্পা খাতুন (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত চাম্পা খাতুন শিবপুর গ্রামের আসলাম হোসেনের স্ত্রী। তার স্বামী মালয়েশিয়াপ্রবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে পাশের বাড়ির লোকজন ওই বাড়ির আশপাশে দুর্গন্ধ পান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চাম্পা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, চার থেকে পাঁচ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, সকালে পাশের বাড়ির লোকজন দুর্গন্ধ পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা সেখানে গিয়ে চাম্পা খাতুনের মরদেহ দেখতে পান। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।