২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬

নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লাখ টাকা উদ্ধার

জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা  © সংগৃহীত

নওগাঁর পোরশায় পুলিশের বড় ধরনের মাদকবিরোধী অভিযানে মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালাইবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. শাকিল (২০) ও তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন (৩৩)। এ সময় একজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ওসি জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। পরে বাড়িটির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০টি ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা নির্মূলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।