চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে
চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় লাইভ ভিডিওতে আসে সালমান মুক্তাদির। ওই ভিডিওতে দেখা যায়, সিসি ক্যামেরাসহ স্টুডিওর সকল যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে ফেলা হয়েছে।
সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা, ভাঙচুর ও ছিনতাই করা হয়।
স্টুডিওর এক কর্মকর্তার বলেন, রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন তিনি। পরিস্থিতি দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে আশ্রয় নিলে সেখানেও গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে বলেন, ‘জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুই জনকে ছোরাসহ আটক করা হয়েছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।