আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক নেতাসহ অর্ধশতাধিক আটক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠককালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
পরে একটি পুলিশ ভ্যানে করে তাদের পল্টন থানায় নেওয়া হয়। জাসদ কার্যালয় থেকে আটককৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে।
পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।
বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।
বিকাল চারটার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আবু জাফর সূর্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকে সহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’
তাৎক্ষণিক আটককৃতদের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কারও বক্তব্য পাওয়া যায়নি।