২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

আওয়ামী লীগের ঝটিকা মিছিল  © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাতমসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়। 

মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্লোগান দেওয়া হচ্ছে। ওই স্লোগান দিতে দিতে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যানারে কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়েছে। তারপর আমাদের পুলিশ সদস্যরা সেখান থেকে ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও কয়েকটি মুখোশও উদ্ধার করা হয়েছে।’