২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ

মো. তোফায়েল আহমেদ মিয়া ও ইনসেটে নাসীরুদ্দীন পাটওয়ারী  © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মো. তোফায়েল আহমেদ মিয়া নামের এক কর্মকর্তা ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত। ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (সাউথ) হিসেবে তিনি কর্মরত রয়েছেন।

সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে আয়োজিত এক মিছিল শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’

রাজধানীতে সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই ঘটাচ্ছে, নাকি অন্য কেউ জড়িত—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, ‘আমার কাছে মনে হয়, তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’