২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত মাদক কারবারি  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

এসআরবি-৫ জানায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় অভিযান চালায় এসআরবি-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল।

অভিযানকালে ওই এলাকার মো. রুহুলের ছেলে মো. হানিফ (২০)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ির একতলা ভবনের নির্মাণাধীন বাথরুমের ভেতরে প্লাস্টিকের ক্যারেটে অভিনব কায়দায় রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হেরোইন বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে গ্রেপ্তার হানিফ ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।