ময়মনসিংহে ভোটার হতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভোটার হতে আসা রাবেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারী ও তার সহযোগী নূর ইসলামকে (৩২) আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য গেলে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের ঠিকানা ব্যবহার করে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন। আবেদনে পিতার নাম আ. গফুর ও মাতার নাম আমিনা খাতুন উল্লেখ করেন। তবে আবেদন যাচাইয়ের সময় তার দেওয়া তথ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হলে নির্বাচন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে তারাকান্দায় স্থায়ী বসবাসের কোনো তথ্য না পাওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জানানো হয়। পরে সেখানে জিজ্ঞাসাবাদে তিনি তারাকান্দার বাসিন্দা নন এবং কক্সবাজার এলাকার বাসিন্দা বলে স্বীকার করেন।
ভোটার হওয়ার জন্য তিনি রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষরিত জন্মসনদ এবং স্থানীয় বাট্টা মিলন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া নবম শ্রেণি পাসের সনদপত্র দাখিল করেন বলেও জানা গেছে। এসব কাগজপত্রের সত্যতা ও কীভাবে তিনি সংগ্রহ করছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, তার সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা নূর ইসলামের ভূমিকা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসার আশিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্দেহ হওয়ায় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার তথ্যের অসংগতি পাওয়া যায়। তাকে সহযোগীসহ তারাকান্দা থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।