যশোরে ১৪ বছরের স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা
যশোরের অভয়নগরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, অপহৃত তনুশ্রী বিশ্বাস (১৪) খুলনার শিরোমণি থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে মাসে এক লাখ টাকার বেশি আয় করা যাবে—এমন কাজের প্রলোভন দেখিয়ে ফুসলানোর অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা থমিকগ্রামে নিজ বাড়ির সামনে থেকে তনুশ্রীকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রাতুল শেখ (২১), মুজাহিদ মোল্লা (২৩), তাজউদ্দিন শেখ (৫৫), রানী বেগম (৪৫), তমা খাতুন (১৯) ও সেকেন্দার শেখ (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণে সহযোগিতার অভিযোগও করা হয়েছে।