২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

আসামি শেখ আসিফ   © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় শেখ আসিফ নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার শেখ আসিফ খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি এলাকার শেখ মিরাজের ছেলে।

আজ বুধবার এসআরবি-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, আজমুল হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার হয়েছেন। অন্য তিনজন হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী রিফাত, অ্যাগ্রোটেকনোলজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রতাপ সরকার এবং খানজাহান আলী হলের গেটের সামনে রুবেল জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, রিফাতের দেওয়া তথ্য যাচাই করে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় হরিণটানা থানায় হত্যা মামলা করা হয়।