২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫

বখাটের মারধরে তিন দাঁত ভাঙল পঞ্চম শ্রেণির ছাত্রীর

হাসপাতালে ভর্তি আহত ছাত্রী  © সংগৃহীত

বরগুনার বেতাগীতে এক বখাটের মারধরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর তিনটি দাঁত ভেঙে গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে হাসপাতালের সহকারী সার্জন চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার সময় ছাত্রীর ওপরের পাটির সামনের তিনটি দাঁত ছিল না। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। তার সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় সোমবার রাতে আহত ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বেতাগী থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামি মো. ফয়সাল (২৩)। তার বাড়ি বিদ্যালয়ের পাশের গাবতলী গ্রামে। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি ফয়সালের মা ও ভাইকে গ্রেপ্তার করেছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই ছাত্রী স্কুলের ওয়াশরুমে গেলে ফয়সাল সেখানে উঁকি দেন। মেয়েটি টের পেলে দ্রুত সটকে পড়েন ফয়সাল। এরপর সে ঘটনাটি স্বজনদের জানায়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে মারধরের হুমকি দেন ফয়সাল। এতে ভয়ে গতকাল সোমবার ওই ছাত্রীকে বিদ্যালয়ে পাঠাননি তার মা।

পরে বাড়িতে গিয়ে তার এক শিক্ষক তাকে বিদ্যালয়ে নিয়ে আসেন গতকাল বিকেল চারটার দিকে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ফয়সাল তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে ছাত্রীর মুখের সামনের তিনটি দাঁত ভেঙে যায়। আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্বজনেরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ফয়সালের ভয়ে সকালে আমার মেয়েকে ঘরে রেখেছিলাম। আমিও পালিয়ে থেকেছি। পরে একজন শিক্ষক এসে তাকে স্কুলে নিয়ে যায়। স্কুল ছুটির পর ফয়সাল আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রথমে হাত ধরে টানাটানি শুরু করে। এতে রাজি না হলে সে চড় ও লাথি দিতে শুরু করে। মুখে লাথি দেওয়ায় আমার মেয়ের তিনটি দাঁত ভেঙে গেছে।

গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, স্কুল ছুটির পরে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। এমন সময় স্কুল প্রাঙ্গণে ফয়সাল ওই ছাত্রীর ওপর হামলা চালায়। ছাত্রীর চিৎকার শুনে দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমরা যাওয়ার আগে সে পালিয়ে যায়।

ওই বিদ্যালয়ের সভাপতি হেলাল হোসেন বলেন, ফয়সাল এলাকায় বখাটে হিসেবে পরিচিত। ফয়সাল লেখাপড়া করে না। তার বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। তাদের বাড়িতে কেউ নেই, তালা দেওয়া।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় শিক্ষার্থীদের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার দুই ও তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করেছি। ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।