২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮

সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড

সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড  © সংগৃহীত

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় বিদেশির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম ছয় আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, ‘তাদের অপরাধের সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত এবং জব্দ করা ডিভাইসগুলোর বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরি, তেমনি তারা যদি পর্যটন বা অন্য কোনো বৈধ কাজে বাংলাদেশে এসে থাকেন, তাহলে তাদের আইনি মুক্তির সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।’

এর আগে সোমবার সকাল ৯টার দিকে ছয় বিদেশিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে রিমান্ডের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়।