দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্যদের আবাসিক ভবন 'ন্যাম ভবন' থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য গণমাধ্যমে জানিয়েছেন, সংসদ সদস্য নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা কক্ষে চলে যান গাজী নজরুল ইসলাম ও তার দুই স্ত্রী। পরে বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দরজা ভেঙে মরদেহটি নামান পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা।
এ নিয়ে ডিসি ইবনে মিজান বলেন, জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের উপস্থিতিতে মরদেহ নামানো হয়েছে।
তবে মরিয়ম খাতুন কখন মারা গেছেন এবং ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।