অধ্যাপক জাফর ইকবাল ও ঢাবির সাবেক ভিসি ড. মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানির অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এর আগে ৬ আগস্ট জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে উসকানির ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল, অধ্যাপক ড. মাকসুদ কামালসহ ৮ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তদন্ত সংস্থা কর্তৃক এ প্রতিবেদন দাখিলের তথ্য নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে তা পর্যালোচনা করা হয়। এরপর ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।
মামলার আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন– শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।