রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় যুবককে পিটিয়ে পুলিশে দিল জনতা
আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় এক দুবৃত্তকে ধরে পুলিশে দিয়েছে জনতা। রবিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ধরে ফেলে। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর দাবি অনুযায়ী, আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করেনি দ্য ডেইলি ক্যাম্পাস।
ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামিল হোসেন ডেইলি ক্যাম্পাসকে জানান, বাসে আগুন দিতে গেলে স্থানীয়রা ওই ব্যক্তিকে ধরে উত্তম-মধ্যম দেয়, যার কারণে শরীরের কয়েক জায়গায় খুব ইনজুরি হয়েছে । তাকে থানায় নিয়ে এলে জরুরিভাবে থানায় ভর্তি করানো হয়। সেখান থেকে দুপুরের দিকে থানায় এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় গেল মঙ্গলবার নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দামসহ দলটির শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। এ ঘটনার পরপরই গত কয়েকদিনে রাজধানীর মিরপুর, বাড্ডা ও কদমতলীসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করেছে ডিএমপি।