নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার
নওগাঁয় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নারী মাদক বিক্রেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার রাতে শহরের মাদক কেনাবেচার হটস্পট হিসেবে পরিচিত নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় দুই ঘণ্টাব্যাপী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সুইপার কলোনি এলাকার মৃত জীবনের মেয়ে শ্রী মুনি (৪০), শহরের খাস নওগাঁ এলাকার সামছুল হকের ছেলে শাওন (৪২), পৌরসভার বাগবাড়ি পূর্বপাড়া এলাকার মৃত সুবেদ আলীর ছেলে মানিক (৩৮), শহরের পাটালির মোড় শাহি মসজিদ এলাকার শাহিনের ছেলে রাকিব (১৯), হাট নওগাঁ এলাকার সাজ্জাদ হোসেন সান্টুর ছেলে আবির হোসেন (১৯), কুমাইগাড়ি এলাকার রমজান আলীর ছেলে মাসুদ রানা (৩২), সদর উপজেলার আনন্দনগর গ্রামের শুকুর আলীর ছেলে সিয়াম (১৯), আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামের মৃত আক্কাসের ছেলে মনোয়ার হোসেন (৪৮) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বিক্রমপুর বড় মোকাম বাজার এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে রাজু মিয়া (৩২)।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানের সময় জানতে পারি শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক কেনাবেচা ও সেবন হচ্ছে। এমন সংবাদে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রী মুনি নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ছোট তিনটি পলিপ্যাকে ৩০০ করে এবং একটি ছোট পলিপ্যাকে ২৭০টি মোট ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া সহযোগী হিসেবে মাদক বিক্রেতা মানিক ও শাওনকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘একই সময় মাদক সেবন এবং পাবলিক নুইসেন্স সৃষ্টির জন্য অপর ছয়জনকে গ্রেপ্তার করা হয়। শহরের এই দুই জায়গায় এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরও যদি তারা সাবধান না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অভিযান চালানো হবে এবং অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তার সবাইকে আসামি করে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।