১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলেছে একাধিক ক্লু, যা বলছেন পুলিশ সুপার

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম  © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান। 

পুলিশ সুপার বলেন, অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিক। এটি অত্যন্ত হৃদয়বিদারক, আমাদেরকে নাড়া দিয়েছে। আমার একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ‘ক্লু’ পেয়েছি। আমাদের কাছে একজন ব্যক্তি আছেন, জিজ্ঞাসাবাদ চলতেছে।

তিনি বলেন, আমি এখান থেকে যাওয়ার পরে আমরা নন-স্টপ জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে কে কে জড়িত, এটার মোটিভ কী ছিল, কী উদ্দেশ্যে এই ছোট বাচ্চাটিকে, নিষ্পাপ বাচ্চাটিকে মেরে ফেলল... এটা কি শুধুই একটি আইফোনের জন্য ছিল নাকি এর সঙ্গে আর অন্য কোনো কিছু জড়িত ছিল— এই বিষয়টি আমরা সঠিকভাবে খতিয়ে দেখব, তদন্ত করব।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, এটা এখনো জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে। আমাদের একটু সময় দেওয়া লাগবে। যাকে ধরেছি সে নির্দোষও হতে পারে, আবার দোষীও হতে পারে। 

অপ্রতিমের শরীরে কী ধরনের আঘাতের চিহ্ন রয়েছে, জানতে চাইলে পুলিশ সুপার বলেন, সুরতহাল এখনও সম্পন্ন হয়নি। সুরতহাল শেষ হলে এ বিষয়ে বলা যাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, অপ্রতিমের কাছে থাকা তার মায়ের আইফোনটিও পাওয়া যায়নি। তাই আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লায় বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।