১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

আনোয়ারা থানা  © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের হোসেন বিল্ডিংয়ের চারতলার একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকার মৃত হোসেন কন্ট্রাক্টরের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মনোয়ারা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে বেশ আগে, আর তিন ছেলেই প্রবাসে থাকেন। সম্প্রতি মেজো ছেলে বিদেশ থেকে ছুটিতে দেশে ফেরেন। স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে আনোয়ারার ওই ফ্ল্যাটে একেবারেই একা হয়ে পড়েন মনোয়ারা।

ঘটনার রাতে মাকে দেখতে ওই ফ্ল্যাটে যান তার এক ছেলে। বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি। ভেতর থেকে দরজা শক্ত করে বন্ধ দেখে সন্দেহ হলে তিনি আশপাশের মানুষদের খবর দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলছিলেন মনোয়ারা বেগম। তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, মনোয়ারা বেগম কিছুদিন ধরে মানসিক নানা সমস্যা ও বিষণ্নতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক যন্ত্রণার কারণেই তিনি নিজের জীবন শেষ করার পথ বেছে নিয়েছেন।