রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
রাজধানী ঢাকার পৃথক পাঁচটি স্থান থেকে এক নারীসহ মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত যাত্রাবাড়ী, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া ব্যক্তিদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তাদের সবাই ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া পাঁচজনের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও সংশ্লিষ্ট থানাগুলো বায়োমেট্রিক এবং প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে বলে জানা গেছে। সোমবার সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্নসংলগ্ন আরাফ কার ওয়াশের পাশের সড়ক থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল মরদেহটি উদ্ধার করেন।
তিনি জানান, স্থানীয়দের তথ্যানুযায়ী ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মতিঝিলে নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় নাসির নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহবাগ থানাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করেন থানার এসআই বিজয় মণ্ডল। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি এলাকা থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কামরাঙ্গীরচর থানার এসআই প্রাণেশ্বর দাস। তিনি জানান, ওই ব্যক্তি আগে এলাকায় ঘোরাঘুরি করতেন। তবে তাঁর সঠিক পরিচয় জানা যায়নি। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকা থেকে অসুস্থ অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীকে উদ্ধার করেন হাসপাতালের কর্মীরা। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী এ তথ্য জানান। তার নাম-পরিচয়ও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, পাঁচজনের মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট থানাগুলো কাজ করছে।