১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর নারীর মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে স্থানীয় লোকজন  © টিডিসি

গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের সবজিক্ষেত থেকে পরী হাজরা (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতপাড় বেদভিটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরী হাজরা ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে পরী হাজরা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেতের দিক থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে উপুড় অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে মৃণাল হাজরা অভিযোগ করে বলেন, তিন দিন ধরে তার মা নিখোঁজ ছিলেন। সকালে সবজিক্ষেতের পাশ থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। তার দাবি, দুর্বৃত্তরা তার মাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। তার মায়ের কান ও নাকে থাকা স্বর্ণালংকারও পাওয়া যাচ্ছে না।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।