রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে আনোয়ার হোসেন (৪৩) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জজকোর্টের সাবেক আইনজীবী ছিলেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আনোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল মজিদ।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন শহীদনগরের ৩ নম্বর গলির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন। ১ সেপ্টেম্বর ওই বাসায় থাকা শুরু করেন। তিনি অবিবাহিত ছিলেন। আজ সকালের পাশের বাসার এক ভাড়াটিয়া দুর্গন্ধ পেয়ে ওই কক্ষে উঁকি দেন। তখন দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। পরে ভেতরে আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
ওসি আরও জানান, কক্ষটির মেঝেতে বিছানা করে থাকতেন আনোয়ার হোসেন। সেই বিছানায় মৃত অবস্থায় পড়েছিলেন তিনি। তাঁর শরীরে পচন ধরা ছিল। পাশে একটি প্লেটে কিছু খাবার পাওয়া গেছে। এ ছাড়া ইয়াবাসহ মাদক সেবনের আলামত ছিল। তবে ঘটনাস্থল থেকে আরও কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি জজকোর্টের আইনজীবী ছিলেন। তবে নিয়মিত কোর্টে যেতেন না। এ ছাড়া হতাশাগ্রস্ত এবং মাদকাসক্ত ছিলেন। বাসার ভেতরে তিনি মাদক সেবন করতেন। অসুস্থতার কারণে দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।