চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
চট্টগ্রাম নগরীর খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো ও জুয়া কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে ওই ভবন থেকে পাঁচ দেশের ৬৩ জন বিদেশি নাগরিককে পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জালালাবাদ এলাকার ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ। পরে পুরো আটতলা ভবন ঘিরে তল্লাশি চালানো হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটিতে লাওস, পাকিস্তান, চীন, ভিয়েতনাম ও নেপালের নাগরিকরা অবস্থান করছিলেন। তাদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের একজন এবং ভিয়েতনামের একজন রয়েছেন।
অভিযানে এখন পর্যন্ত ১৩১টি মোবাইল ফোন ও ১৭০টা ল্যাপটপ জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটক বা পাওয়া ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে ৪১ জন পুরুষ, ২১ জন নারী ও একজন শিশু রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত প্রায় এক মাস ধরে ওই ভবনে বিদেশি নাগরিকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সময় বিদেশিদের আসা-যাওয়া দেখা গেলেও ভবনটির ভেতরে কী ধরনের কার্যক্রম চলছিল, তা নিয়ে নিশ্চিত ছিলেন না স্থানীয়রা।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ভবনটি ভাড়া নিয়ে সেখানে সংগঠিতভাবে ক্যাসিনো বা জুয়া কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকতে পারে। তবে ভবনটিতে ঠিক কী ধরনের কার্যক্রম চলছিল, বিদেশি নাগরিকরা কী উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন এবং এ কর্মকাণ্ডের সঙ্গে স্থানীয় বা বিদেশি আর কারা জড়িত এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান চলমান থাকায় এ ঘটনায় আরও কেউ আটক হয়েছেন কি না, ভবন থেকে কী পরিমাণ সরঞ্জাম বা অর্থ উদ্ধার হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না—তা অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।