ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা। এ ঘটনায় ওই নেতার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল (৩৩) পালিয়ে যান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর আগে বুধবার সন্ধ্যায় নগরীর কে বি দোভাষ লেন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক দুজন হলেন পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭)। মোহাম্মদ আবু শাকিল বন্দর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পাওয়ার পর পুলিশ সদস্যরা ক্রেতা সেজে সেখানে যান। একপর্যায়ে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। পরে বাসাটিতে অভিযান চালিয়ে তার শোয়ার ঘর থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় আবু শাকিল পালিয়ে গেলেও তার দুই সহযোগী পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলামকে আটক করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে আবু শাকিলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদল। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
চট্টগ্রাম নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকেও পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।’