দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় মূল ছিনতাইকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত স্বর্ণ দিয়ে তৈরি ছয়টি নাকফুল, দুটি কানের দুল ও দুটি কানের রিং উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুর কোতোয়ালি থানার ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর) এলাকার মো. শামছুল হকের ছেলে আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০) ও বিরামপুর থানার মামুনাবাদ এলাকার মো. আব্দুল মান্নান মির্জার ছেলে মো. রকিবুল ইসলাম রকিব (৩৩)।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট দুপুরে কোতোয়ালি থানার মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর পাশে অর্পণা ছাত্রনিবাসের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে এসে বেলী রানী নামে এক তরুণীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে চিরিরবন্দর থানার কাঁউগা এলাকায় অভিযান চালিয়ে আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সহযোগী রকিবুল ইসলাম রকিবকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অপর আসামি মো. মুন্নাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।