০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত

আহত জীবন তালুকদার  © সংগৃহীত

যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জীবন তালুকদার (২২) নামের ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত জীবন তালুকদার উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মিন্টু তালুকদারের ছেলে। তিনি নওয়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন জীবন তালুকদার জানান, মঙ্গলবার রাতে বিদ্যালয়সংলগ্ন এলাকায় মাদক বিক্রিতে বাধা দিলে ফুলজান বিবি, বাহাদুর, ফারুক, মজিদ, জাকির, রবিউলসহ কয়েকজন তার ওপর হামলা চালান। একপর্যায়ে মজিদ তাকে পেটের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আটক দুজন হলেন গুয়াখোলা গ্রামের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রেলবস্তির কামরুল সরদারের ছেলে জাকির হোসেন (৩৫) ও একই এলাকার ওয়াহিদ গাজীর ছেলে রবিউল গাজী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, জীবনের পেটের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ছাত্রদল নেতা জীবনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।