০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭

রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ

নিহত আবদুল আজিজের স্বজনের আহাজারি। মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাছ গ্রামে  © টিডিসি

রাতে নামাজের পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন পাবনার সাঁথিয়ার পেঁয়াজ ব্যবসায়ী আবদুল আজিজ (৫৫)। পরদিন সকালে স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখা যায় তার গলা কাটা মরদেহ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আজিজের লাশ বলে শনাক্ত করে। 

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতরাতে কে বা কারা তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।