ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে ১১ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের বাইপাস মোড়, নতুন রাস্তা, দিঘির পাড় ও হাউজিং বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা সদরের বাইপাস মোড় নতুন রাস্তা এলাকার পান্নু সিকদারের ছেলে মো. শাওন সিকদার (২৫), মো. ইউসুব আলী হাওলাদারের ছেলে মো. গোলাম রসুল ইমন (৩০) ও পূর্ব আংগারিয়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সাব্বির রুবেল (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজাপুর থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন: চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভাইভা কি পরীক্ষা না?’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।