গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুলিশ সদস্য
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মানিব্যাগ চুরির সময় রবিন (১৯) নামের এক তরুণকে আটক করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাৎক্ষণিক তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
মতিঝিল ট্রাফিক জোনের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, সোমবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি চেকিং করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছিল। গাড়ির চালক কাগজপত্র নিয়ে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের সঙ্গে কথা বলার সময় রবিন গাড়ি থেকে একটি মানিব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।
বিষয়টি ওই সার্জেন্টের দৃষ্টিগোচর হলে তিনি দৌড়ে রবিনকে আটক করেন। আটক রবিনকে হেফাজতে নিয়ে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তী সময়ে মতিঝিল থানা পুলিশ আটক রবিনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রবিনকে কারাগারে পাঠানো হয়েছে।